রাজনীতি
ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন নিয়ে দলের মধ্যে এখনও সংশয় বিরাজ করছে: রহুল কবীর রিজভী।

নিজেস্ব প্রতিবেদক:

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে দলের মধ্যে এখনও সংশয় বিরাজ করছে।

রিজভী বলেন, ‘‘আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি পর্যালোচনা করেছি।

কারণ প্রশাসনের কিছু স্তরে এখনও দোসর রয়েছেন, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে, তারা যথাযথভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।’’

তিনি আরও জানান, বৈঠকে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো আসন নিয়ে আলোচনা হয়নি। এছাড়া ভোটাধিকার সংক্রান্ত বিষয়ও বৈঠকে আলোচিত হয়েছে।

রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকতে পারে উল্লেখ করে রিজভী বলেন, ‘‘পিআর পদ্ধতির চ্যালেঞ্জ বিভিন্ন সময়ে আমরা তুলে ধরেছি। আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’’

নূরুল হক নুরের ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছেন। তার ওপর আক্রমণ নিন্দনীয় এবং এই ঘটনার সঠিক তদন্ত করা জরুরি।

নিবন্ধনের বিষয়ে তিনি আরও বলেন, কে নিবন্ধন পাবেন তা সম্পূর্ণভাবে কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিএনপি আশা করছে, কমিশন নির্বাচনের পরিবেশকে অংশগ্রহণমুখী রাখবে।

মতামত দিন