রাজনীতি
ছবি: সংগৃহীত

জাপা নেতার হুঁশিয়ারি: ‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে মহানগর ও জেলা নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় দলের কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সকলকে সতর্ক করে বলেন, কেউ যদি জাতীয় পার্টিকে দুর্বল মনে করে ভুল করলে তার জোরালো জবাব দেওয়া হবে।
“সবগুলোর হাত-পা ভেঙে দিয়ে দেব,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “যদি শক্তি থাকে আসুক, সহযোগী থাকলে তাদের সঙ্গে আনুক। আসুক, দেখুক কী  অবস্থা হয়।”

দলীয় কার্যালয়ে আসার আগে দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে একটি রিকশায় বাঁশের লাঠি আনা হয়, যা পরে কার্যালয়ের ভিতরে রাখা হয়।

মোস্তফিজার রহমান মোস্তফা বলেন, “ভিপি নুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম জানিয়েছিল। এখন তারা ফ্যাসিস্টবিরোধী। ২০১৪ সালে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানকে সিএমএইচে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল, তখন কেউ কিছু বলেনি।”

তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি কখনো কারও অফিস ভাঙচুর বা কাউকে লাঞ্ছিত করার পথে যায়নি।  তবে বর্তমান পরিস্থিতিতে তাদের পায়ে পড়ে ঝগড়া লাগানোর চেষ্টা চলছে। মোস্তফা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রংপুরে কোনো অন্যায় বরদাশত করা হবে না।

জাপার এ নেতা বলেন, “আমরা চেষ্টা করছি মব সংস্কৃতি প্রতিহত করতে। মবের এই সংস্কৃতি থাকলে দেশ অস্থিতিশীল থাকবে। আমরা যে নির্বাচন করতে চাই, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।”

সাবেক মেয়র বলেন, “মানুষের নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধাদের বারবার হেনস্থা করা হচ্ছে। কোনো ১৬-১৭ বছরের ছেলে প্রবীণ মুক্তিযোদ্ধার শার্টের কলার ধরে মাটিতে ফেলে দিচ্ছে। এ অবস্থা চললে স্বাধীন বাংলাদেশ বিপদের সম্মুখীন হবে।”

অবস্থান কর্মসূচিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক আকমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরীসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন