কাকরাইলে সংঘর্ষে নুর আহত, নিন্দা জানালেন তারেক রহমান।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন, আরও কয়েকজন নেতাকর্মীও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন বাংলাদেশ সময় রাত পৌনে ৩টার দিকে। সেখানে তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সরকারের প্রতি আইনানুগ তদন্ত পরিচালনার জোর আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনা ও নুরুল হক নুরের ওপর হামলাকে বিএনপি তীব্র নিন্দা জানাচ্ছে। তার ভাষায়, “আমরা এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে জাতীয় নির্বাচন, যা গণতান্ত্রিক উত্তরণের প্রথম পদক্ষেপ। তাই আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি যেন আর না ছড়ায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও লিখেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। মব কালচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি ও এর সহযোগী রাজনৈতিক শক্তিসহ গণতন্ত্রকামী সব পক্ষকে সংযম ও সহনশীলতা দেখাতে হবে বলেও তিনি জোর দেন।
তারেক রহমান বলেন, “গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। আমাদের দেশকে অবশ্যই চলমান অস্থিরতা ও মব কালচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কেবল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই জনগণকে ক্ষমতায়ন, ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব, আর সেটাই জাতিকে ঐক্যবদ্ধ করবে।”
পোস্টের শেষে আবারও নুরের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি এবং পুনরায় সরকারকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান।
মতামত দিন