রাজনীতি
ছবি: সংগৃহীত

লাঠির আঘাতে গুরুতর আহত নুর, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। লাঠির আঘাতে তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে নুরকে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয় এবং সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাদের পরামর্শে রাতভর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সকালে করা সিটিস্ক্যানের রিপোর্টে দেখা গেছে, নুরের মাথার হাড়ে ফাটল রয়েছে। পাশাপাশি নাকের হাড় ও ডান পাশের চোয়াল ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণও হয়েছে। চোখ-মুখ ফোলা এবং চোখে রক্ত জমে আছে, তবে শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক আরও বলেন, এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে মস্তিষ্কের ভেতরে যে রক্তক্ষরণ হয়েছে, সেটি ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে নুর মারাত্মকভাবে আহত হন। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের নাক ফেটে গিয়ে মুখ ও বুক রক্তে ভেসে গেছে। দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যান।

মতামত দিন