রাজনীতি
ছবি: সংগৃহীত

“খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন না—এ কথা আমরা বলিনি: মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

৬ বছর কারাগারে কাটানোর পর ২০২৪ সালের অভ্যুত্থানের প্রেক্ষাপটে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক জটিলতা এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও এখনও তিনি দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন।


তার প্রার্থিতা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নানা প্রশ্ন ঘুরছে কর্মী-সমর্থকদের মনে। এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন না—এ কথা আমরা বলিনি। তিনি যেখানেই দাঁড়াবেন, জয় তার নিশ্চিত।”

প্রার্থিতা প্রসঙ্গের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও  আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। এ বিষয়ে মহাসচিবের বক্তব্য, “তারেক রহমানের প্রত্যাবর্তনের সঙ্গে নির্বাচনী তফসিলের কোনও যোগসূত্র নেই। আমরা প্রত্যাশা করছি তিনি দ্রুত ফিরবেন, তবে সেটা নির্ভর করছে তার নিজের প্রস্তুতির ওপর।”

এদিকে ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রচার–প্রচারণার প্রস্তুতি নিলেও বিএনপি এখনো জোটগত সিদ্ধান্তে পৌঁছায়নি। ফখরুল বলেন, “আমরা কোনও সাজানো রাজনীতিতে বিশ্বাস করি না। ভোটের আগে জোট হবে কি না—সে ব্যাপারে এখনো কোনও সিদ্ধান্ত নেই। বরং সাজানো বিরোধী দল বানানো আওয়ামী লীগের কাজ, বিএনপির নয়।”

দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গেও জোট গঠনের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নে মহাসচিব জানান, “সবকিছু নির্ভর করবে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর।”

এ ছাড়া কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গেও বিএনপি বেশ সতর্ক অবস্থান নিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, প্রতিবেশী হিসেবে সম্পর্ক কখনোই অতি গভীর ছিল না, আবার দূরত্বও তৈরি হয়নি।

মতামত দিন