রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়া ছাড়া জাতির সামনে অন্য কোনো পথ খোলা নেই। তার দাবি, নির্বাচন না হলে দেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা আরও জোরালো হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান। ফখরুলের ভাষায়, দেশে-বিদেশে বিভিন্ন মহল ফ্যাসিবাদী শক্তিকে সক্রিয় করার  চেষ্টা চালাচ্ছে।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেউ যেন মনে না করেন বিএনপি ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে গেছে। বাস্তবে এখনো অনেক ষড়যন্ত্র ও বাধা রয়ে গেছে। জনগণের আস্থা অর্জন করতে হলে ইতিবাচক কাজের মাধ্যমেই সামনে এগোতে হবে।

বিএনপি মহাসচিব মনে করেন, রাজনৈতিক মতবিরোধ স্বাভাবিক হলেও বর্তমান সময়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে রয়েছে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তার মতে, অবাধ ও নিরপেক্ষ ভোট ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি শুরুর দিক থেকেই সংস্কারের পক্ষে কথা বলছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচনা করেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন।

এসময় তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা তথ্য ছড়িয়ে বিএনপিকে কলঙ্কিত করতে চাইছে। তার বক্তব্য, বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার সুযোগ কাউকে দেওয়া যাবে না।

শেষে ফখরুল বলেন, জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। বিএনপির দায়িত্ব হলো সেই পরিবর্তনের পথ তৈরি করে দেওয়া।

মতামত দিন