রাজনীতি
ছবি: সংগৃহীত

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী: তারেক রহমানের শ্রদ্ধা।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে দেওয়া এক বাণীতে তিনি বলেন, জাতীয় কবির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, “অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন অতিবাহিত হয়েছে। শৈশব থেকেই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বড় হওয়ায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ  করার প্রেরণা জুগিয়েছেন।”

তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার রচিত কবিতা ও গান আজও মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয় এবং বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে।

কবি নজরুলের সাহিত্য বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছে। মহান স্বাধীনতা যুদ্ধ, ’৯০-এর গণআন্দোলন ও ’২৪-এর জুলাই–আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান মানুষের সাহস ও উদ্দীপনা বৃদ্ধি করেছে। যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে তার সাহিত্যকর্ম।

তারেক রহমান বলেন, “মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা আমাদের উদ্বুদ্ধ করে। তার সাহিত্যকর্ম চিরকাল আমাদের স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে।”

মতামত দিন