রুমিন ফারহানাকে সাইবার বুলিং বন্ধের দাবি : হাসনাত আবদুল্লাহর।
আসন্ন জাতীয় নির্বাচনের সংসদীয় আসনের সীমানা ইস্যু নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা, যেখানে দু’পক্ষই একে অপরকে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।
এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “সাইবার বুলিং গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা নারীকে অসম্মান করার সুযোগ নেই। এটি ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ক্ষতি করে।”
হাসনাত আরও বলেন, “বাংলাদেশের জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ যেন আমাদের মতপার্থক্যের সুযোগ নিতে না পারে। এই ধরনের সিলেক্টিভ আক্রমণ বন্ধ করা জরুরি।”
উল্লেখ্য, ২৪ আগস্ট আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত শুনানিতে দুই পক্ষ উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনায় জড়ায়। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর আবেদন পক্ষে ও বিপক্ষে জমা পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। ইসি কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শুনানি শেষ করার পর উভয় পক্ষকে কক্ষ ত্যাগের অনুরোধ করেন।
শুনানিতে রুমিন ফারহানা খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে এলাকার কিছু লোক খসড়ার বিপক্ষে অবস্থান নেন। এই উত্তেজনার মধ্যেই সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মতামত দিন