ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি–জামায়াত–এনসিপির পৃথক বৈঠক।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ঢাকা সফরকালে বিএনপি, জামায়াত ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা পৃথকভাবে বৈঠক করেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর পাকিস্তান দূতাবাসে এ বৈঠকগুলো হয়।
বিএনপির বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। বৈঠক শেষে বিএনপি নেতারা গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।
পরে জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের নেতৃত্বে এবং এনসিপির পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন নেতৃত্বে প্রতিনিধি দল দারের সঙ্গে সাক্ষাৎ করে।
বৈঠক শেষে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, আঞ্চলিক বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল; প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক দরকার। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে প্রশ্নে তিনি বলেন, ১৯৭১–এর বিষয়টি দুই দেশের সরকারের আলোচ্য ইস্যু।
এনসিপির আখতার হোসেন বলেন, পাকিস্তান–বাংলাদেশের মধ্যে যে দূরত্ব আছে, তা কমানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি জানান, একাত্তরসহ বাংলাদেশের জনমতের বিষয়গুলো উপ-প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরেই দুই দিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

মতামত দিন