রাজনীতি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ: ভিপি নুরুল হক নুর।

নিজেস্ব প্রতিবেদক: 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গোপালগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তবে এই জেলার সব মানুষ খারাপ নয়।

তাই তিনি প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো জুলুম করা উচিত নয়।

শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে মুকসুদপুর কলেজ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। নুরুল হক নুর বলেন, “আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক ও বামপন্থি রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত—অনেক গুণী ও জ্ঞানী ব্যক্তি মধুমতীর তীরবর্তী গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তাই গোপালগঞ্জের সব মানুষ খারাপ নয়।”

নুর বলেন, “আমাদের সুযোগ থাকলেও আমরা সুবিধাবাদী রাজনীতি করে শেখ হাসিনার ক্যাবিনেটে  সবচেয়ে ভালো মন্ত্রী হওয়া বা কোটি কোটি টাকার মালিক হওয়ার সঙ্গে আপোষ করিনি। মুখে যা বলেছি, অন্তরে তা ধারণ করেছি। রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং দায়বদ্ধ করতে হবে। তাই আপনাদেরও জনগণের প্রতিনিধিদের নেতা বানাতে হবে।”

তিনি নতুন বাংলাদেশ গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, “পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নির্বাচন হলে নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব নয়। তাই আমরা নির্বাচনের জন্য নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা করছি। এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতি কার্যকর হবে। ধাপে ধাপে আমাদের নতুন বন্দোবস্তের দিকে এগোতে হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার। সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি

সভায় বক্তব্য দেন:

  • গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

  • ফরিদপুর বিভাগীয় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফিরোজুর রহমান

  • উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান

  • যুব অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন

  • গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম

  • গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ

  • মুকসুদপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলি

মতামত দিন