শেরপুরে একযোগে এনসিপি উপজেলা কমিটি থেকে ১৫ নেতার পদত্যাগ।
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি ভাঙনের মুখে পড়েছে। সদ্য ঘোষিত কমিটির নেতৃত্বকে অযোগ্য ও বিতর্কিত আখ্যা দিয়ে পাঁচজন যুগ্ম সমন্বয়কারীসহ মোট ১৫ জন পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের একটি বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগপত্র প্রকাশ করেন। পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন—মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। এছাড়া সদস্য পদ ছাড়েন—মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আল আমিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।
লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারীকে ‘অযোগ্য, অনৈতিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য’ হওয়া সত্ত্বেও কমিটি গঠন করা হয়েছে। এ কারণে তারা পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছেন এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগী যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম আরব অভিযোগ করেন, প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি শিক্ষাগত দিক থেকেও দুর্বল এবং তার নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। এসব কারণেই একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে নকলা উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন পায়। ঘোষিত কমিটিতে হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করে মোট ৩২ সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
মতামত দিন