রাজনীতি
ছবি: সংগৃহীত

কক্সবাজার সফর নিয়ে জবাবদিহির মুখে এনসিপির শীর্ষ পাঁচ নেতা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সম্প্রতি কক্সবাজার সফর নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির দফতর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জবাব চাওয়া পাঁচ নেতার মধ্যে রয়েছেন—দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

দলীয় নোটিশে বলা হয়েছে, ৫ আগস্ট উক্ত নেতারা ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজারে সফরে যান। তবে এই সফরের আগে দলীয় কোনো পর্ষদ কিংবা দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ না করেই সিদ্ধান্ত নেওয়া হয়, যা সাংগঠনিক নিয়মের পরিপন্থী।

এ বিষয়ে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে লিখিত ব্যাখ্যা দিয়ে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

দলটির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় বজায় রাখতে এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ।”

মতামত দিন