জুলাই ঘোষণাপত্রে এখনো আমন্ত্রণ পায়নি বিএনপি :সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় প্রণীত আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে এখনও বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছে দলটি। সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, ঘোষণাপত্র হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু সংশোধনীসহ তাদের মতামত পাঠিয়েছে। “সনদ বাস্তবায়নে বিএনপি শুরু থেকেই আন্তরিক ভূমিকা রেখেছে,” মন্তব্য করেন সালাহউদ্দিন।
বিএনপি নেতা আরও বলেন, “ঘোষণাপত্রে ২৬ মার্চকে জাতীয় মুক্তির দিন হিসেবে উপস্থাপন করার প্রস্তাব ছিল, যেটি আমরা গ্রহণ করিনি। এ ছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার কথা বলেছি আমরা।”
তিনি দাবি করেন, সংশোধনীগুলো বিবেচনায় না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে।
এছাড়া সালাহউদ্দিন বলেন, বিএনপি এখনো সই করতে প্রস্তুত। “আমরা কোনো সময়েই বাধা হয়ে দাঁড়াইনি বরং ঐক্য প্রক্রিয়া ধরে রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছি,” বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, কমিশনে উত্থাপিত ১৯টি মূল বিষয়ের মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে, আর বাকি সাতটিতে ভিন্নমত দিয়েছে।
সালাহউদ্দিনের মতে, বিএনপির আন্তরিকতা নিয়ে যারা সন্দেহ ছড়াচ্ছেন, তারা প্রকৃতপক্ষে ঐক্য প্রক্রিয়াকে দুর্বল করতে চাইছেন।

মতামত দিন