রাজনীতি
ছবি: সংগৃহীত

শাহবাগে হবে ৩ আগস্টের ছাত্র সমাবেশ, এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে আগামী রোববার শহীদ মিনারের বদলে শাহবাগে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ঢাকাবাসীর যেকোনো ধরনের জনভোগান্তির জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) সংগঠনের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩ আগস্ট ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরুতে শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এনসিপির নেতৃত্বেও একই দিনে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা থাকায় কয়েকবার যোগাযোগ ও আলোচনা শেষে ছাত্রদল এক উদার ও পরমতসহিষ্ণু মনোভাব থেকে সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে করার সিদ্ধান্ত নেয়।

তারা জানিয়েছে, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের ফলে জনভোগান্তির কথা তারা বুঝতে পেরেছে,  তবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে বৃহত্তর ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা  ও উদারতার পরিচয় দিয়ে এই স্থান পরিবর্তন করা হয়েছে।

শিক্ষার্থী সংগঠনটি আগামীর যেকোনো জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সহানুভূতির প্রত্যাশা করেছে।

মতামত দিন