রাজনীতি
ছবি: সংগৃহীত

বিশৃঙ্খলা রোধে বিএনপিতে একদিনেই বহিষ্কার ২০ নেতা।

নিজেস্ব প্রতিবেদক:

দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। সংঘাত, চাঁদাবাজি, দখল ও বিশৃঙ্খল আচরণের দায়ে গত মঙ্গলবার একদিনেই ২০ নেতাকে বহিষ্কার করেছে দলটি।

একই সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

৫ আগস্ট ২০২৪ এর পর থেকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরে নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাধ ও বিশৃঙ্খলার অভিযোগে ইতোমধ্যেই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি। সূত্র জানায়, গত এক বছরে অন্তত ৩,২০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০০ জন বহিষ্কৃত,শতাধিক নেতার পদ স্থগিত ও কয়েকশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এ শুদ্ধি অভিযান। দলীয় সূত্র জানায়, দলীয় ইমেজ রক্ষায় কোনো অনিয়মকারীর জন্যই ছাড় নেই। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হচ্ছে।

সম্প্রতি চট্টগ্রামের রাউজানে দুই পক্ষের সংঘর্ষের জেরে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীসহ ৫ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে ঠাকুরগাঁও, চাঁদপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে আরও কয়েকজন নেতাকর্মী বহিষ্কৃত হন।এমনকি বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের ৮ জন সদস্যকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, ক্ষমতার বাইরে থাকার দীর্ঘ সময়ের পর দেশে রাজনৈতিক অনুকূলতা তৈরি হওয়ায় অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে জড়াচ্ছেন। নির্বাচন সামনে রেখে এই ‘হাইব্রিড’ ও ‘অনুপ্রবেশকারী’ নেতাদের দমন করতেই এ কঠোরতা।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অপরাধ করে পার পাচ্ছে না।”

দলীয় হাইকমান্ড স্পষ্ট বার্তা দিয়েছে— বিএনপি দুর্নীতিবাজ ও বিশৃঙ্খলদের জায়গা নয়। নির্বাচন সামনে রেখে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন