নিবন্ধিত দলগুলোর আয়-ব্যয় জমা দেওয়ার শেষ দিন আজ।
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ,(৩১ জুলাই)। তবে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে আওয়ামী লীগকে।
কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামী দল ও ছোট রাজনৈতিক দল এখনও সেই হিসাব দেয়নি। চাইলেই নির্ধারিত আবেদনের মাধ্যমে সময় বাড়ানোর সুযোগ থাকছে।
গত ৭ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত ৫১টি দলের প্রত্যেককে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের বাদ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক। কেউ টানা তিন বছর এই হিসাব না দিলে তার দলীয় নিবন্ধন বাতিল হতে পারে।
এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, দেশের প্রতিটি নির্বাচনী এলাকার প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় থাকবে। নির্বাচনী এলাকার নাগরিকরা লিখিতভাবে নির্বাচন কমিশনে ৫ প্রস্থে আপত্তি, সুপারিশ বা মতামত জমা দিতে পারবেন।
ইসি জানায়, প্রশাসনিক বাস্তবতা, আঞ্চলিক সংহতি ও জনসংখ্যার ভিত্তিতে নতুন করে সীমানা নির্ধারণ করা হয়েছে। দাবি বা আপত্তির সময়সীমা শেষে কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে। এই সীমানার ভিত্তিতেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মতামত দিন