কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১৫।
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার আল্লাহ’র চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছিল এনসিপি। মিছিল শেষে তারা ফিরে যাওয়ার সময় পেছন থেকে কিছু লোকের উসকানিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন, তবে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানিয়েছে স্থানীয় থানা কর্তৃপক্ষ।
অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, মিথ্যা মামলার প্রতিবাদে তাদের পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে এনসিপির লোকজনই প্রথমে হামলা চালায়। তারা দাবি করেন, আসিফ মাহমুদের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন