‘অন্তর্বর্তী সরকারের কিছু অংশ অপকৌশলে লিপ্ত’ :তারেক রহমান।
আন্তর্বর্তী সরকারের কিছু অংশ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপকৌশল অবলম্বন করছে—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের কর্মকৌশল নিয়ে প্রশ্ন রয়েছে।
তারেক রহমান আরও দাবি করেন, রাষ্ট্র-রাজনীতির ভেতরে ‘ফ্যাসিবাদী অপশক্তি’ সক্রিয়ভাবে নিজেদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। সরকারের ভুল সিদ্ধান্ত বা অবিচার গণতান্ত্রিক উত্তরণকে সংকটের মুখে ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি।
"বিএনপি চায় জনগণের হাতে রাজনীতির ক্ষমতা ফিরিয়ে দিতে," বলেন তারেক। “নাগরিকের রাজনৈতিক অধিকার বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম নির্বাচন—এটা আমরা বারবার বলে এসেছি।”
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, "শেখ হাসিনা ভারতে বসে অডিও বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা উসকে দিচ্ছেন।"
তিনি আরও বলেন, "ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছেন। সংস্কারের নামে অনেক কিছু বলা হলেও এখনও কোনো বিচার হয়নি। হতাহতদের পরিবাররা সরকারের সহায়তা থেকে বঞ্চিত—এটা অত্যন্ত দুঃখজনক।"
মির্জা ফখরুল মাঠ প্রশাসনকে সক্রিয়ভাবে সংযুক্ত করে এই সংকট নিরসনের দাবি জানান।

মতামত দিন