রাউজানে সংঘর্ষের পর বিএনপির গিয়াস কাদেরের পদ স্থগিত।
চট্টগ্রামের রাউজানে দলের অভ্যন্তরীণ সংঘর্ষের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এর আগে বিকেলে রাউজান পৌরসভা এলাকায় গিয়াস কাদের ও দলের কেন্দ্রীয় উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম আকবরসহ অন্তত ২০ জন আহত হন এবং একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষের সূত্রপাত ঘটে যখন গোলাম আকবর খোন্দকার তার নেতাকর্মীদের নিয়ে প্রয়াত দলীয় নেতা মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় গিয়াস কাদেরের সমর্থকেরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। ছত্তারহাট এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
মতামত দিন