রাজনীতি
ছবি: সংগৃহীত

আলোচনার নিয়ম উপেক্ষা করে খসড়া সনদ—অসন্তুষ্ট এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

ঐকমত্য কমিশন আলোচনার পূর্বনির্ধারিত ছয়টি সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি উপস্থাপন করলেও সেগুলো যথাযথভাবে অনুসরণ না করেই হঠাৎ করে ‘জুলাই সনদের’ খসড়া প্রকাশ করেছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এই পদক্ষেপ ‘গ্রহণযোগ্য নয়’ ও ‘উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ  না করে গৃহীত’।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক সংলাপের ২১তম দিনে বিরতির সময় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

তিনি বলেন, “আলোচনার ধরন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আমরা এখনো একমত হইনি। অথচ কমিশন আগেভাগেই খসড়া প্রকাশ করে দিয়েছে, যা আমরা প্রত্যাখ্যান করছি।”

রাসিন আরও বলেন, নির্বাচনের আগে যেসব বিষয়ে ঐকমত্য গড়ে উঠছে, তা একটি আইনি কাঠামোর মাধ্যমে নিশ্চিত করতে হবে। “আমরা বলেছি—ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিতে হলে কিছু মৌলিক সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে। সেগুলোর আইনগত ভিত্তি ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

এ বিষয়ে এনসিপি মৌখিকভাবে তাদের অবস্থান জানালেও প্রয়োজনে লিখিতভাবে কমিশনে জমা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে ‘র‍্যাংকড চয়েস ভোটিং’ পদ্ধতির  একটি প্রস্তাব এসেছে বলে জানান রাসিন। তার ভাষায়, “এই প্রক্রিয়ায় বিচার বিভাগ থেকে আরও দুজন যুক্ত হয়ে সাত সদস্যের ভোটার কমিটি গঠনের কথা বলা হয়েছে। আমরা এতে একমত হয়েছি। অধিকাংশ দল সম্মত হলেও বিএনপি ও তার কিছু শরিক এখনো আপত্তি জানাচ্ছে।”

জুলাই সনদে এনসিপি সই করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত নিশ্চয়তা না আসে, তবে ওই সনদে স্বাক্ষরের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

মতামত দিন