‘মুক্তিযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় ঘটনা’ ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম।
নেত্রকোনায় অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে গণঅভ্যুত্থানকে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৭ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এ সভায় তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের চেতনার জাগরণ।
নাহিদ ইসলাম দাবি করেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় সাধারণ মানুষের বাক-স্বাধীনতা, ভোটাধিকার এবং নাগরিক অধিকার বিপন্ন হয়েছিল। আর সেই সংকট থেকে উত্তরণের পথে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্র ও তরুণ সমাজ।
তিনি বলেন, “আজ আমরা একটি জনগণের রাষ্ট্র গড়তে চাই, যেখানে সংবিধান হবে গণভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রচিত। সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা জোরালোভাবে তুলে ধরছি।”
সমাবেশে এনসিপি নেতা মুজিববাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াই অব্যাহত থাকবে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “এই রাজনৈতিক মঞ্চ তরুণদের জন্যই তৈরি করা হয়েছে। তাদের অংশগ্রহণের মাধ্যমেই গড়ে উঠবে একটি মানবিক, জনকল্যাণমূলক বাংলাদেশ।” তিনি আরও জানান, প্রবীণদের কাছ থেকে রাজনৈতিক পরামর্শ ও অভিভাবকসুলভ ভূমিকা প্রত্যাশা করছে এনসিপি।
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, তরুণদের সঙ্গে নিয়ে দেশে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানভিত্তিক একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে তার দল।
মতামত দিন