রাজনীতি
ছবি: সংগৃহীত

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চান :মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে প্রধান ভূমিকা রাখা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাংবিধানিক সংকট ও গণতন্ত্রহীনতার জন্য দায়ী অন্যতম ব্যক্তি  খায়রুল হক, যিনি একটি রাজনৈতিক সরকারের সুবিধার্থে বিচার বিভাগকে ব্যবহার করেছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশের রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিয়েছেন তিনি। খায়রুল হক দেশের সবচেয়ে বড় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। অবিলম্বে তাকে  বিচারের মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফখরুল বলেন, “বিলম্বে হলেও সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করায় আমরা ধন্যবাদ জানাই। তবে এটা যেন লোক দেখানো না হয়, বরং বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত শাস্তি নিশ্চিত করতে হবে।”

এর পাশাপাশি শিশু একাডেমি ভবন স্থানান্তরের সরকারি সিদ্ধান্তেরও বিরোধিতা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে শিশু একাডেমির অবদান বিশাল। এ ধরনের প্রতিষ্ঠান ভেঙে ফেলার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং ধ্বংসাত্মক।”

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন খায়রুল হক। ২০১১ সালের মে মাসে অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে আইন কমিশনের চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন।

খায়রুল হক ২০১১ সালে আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের মাধ্যমে রাজনীতিতে তীব্র বিতর্কের কেন্দ্রে আসেন। বিএনপি বরাবরই এই রায়কে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। এবার সরাসরি তার গ্রেফতার ও বিচার দাবির মধ্য দিয়ে ওই বিতর্ক নতুন করে উস্কে উঠেছে।

মতামত দিন