রাজনীতি
ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় জামায়াতের ৫০ লাখ টাকার চিকিৎসা তহবিল।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দলটির আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানান। বার্তায় তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যয় বহনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ।”

এ সময় তিনি চিকিৎসকদের মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ যেন আমাদের এই বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর তাওফিক দেন এবং সেই কাজ কবুল করেন। আমিন।”

এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ১৬৫ জন।

বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জনসহ অন্যান্য হাসপাতালে আরও অনেকে এখনো চিকিৎসাধীন। মৃত্যুবরণকারী ৩১ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন মারা গেছেন সিএমএইচে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়। আকাশে একক উড্ডয়নরত অবস্থায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে বহু শিক্ষার্থী দগ্ধ হয় এবং আশপাশের এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

মতামত দিন