রাজনীতি
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২১ জুলাই) দুপুরে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াত আমির জানান, হাসপাতালে তার সঙ্গে কেউ কোনো  অসৌজন্যমূলক আচরণ করেনি। বরং কর্তৃপক্ষ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাকে আহতদের দেখতে সহায়তা করেছে।

ডা. শফিক বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণে স্বাভাবিক উদ্যোগ নিলেও তারা আমাকে যথাযথ মর্যাদা ও সহযোগিতা দিয়েছেন। কোনো অসৌজন্যমূলক আচরণ হয়নি। এ নিয়ে বিভ্রান্তিকর কিছু ছড়ালে তা ঠিক নয়।”

ঘটনার পরপরই তিনি আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং নিহতদের জন্য দোয়া করে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক বিবৃতি দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের উপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ অনেক শিক্ষার্থী নিহত হন এবং শতাধিক শিক্ষার্থী গুরুতর দগ্ধ হন।

ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, “নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতার জন্য মহান রবের দরবারে দোয়া করছি। একইসঙ্গে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে উদ্ধারকাজ ও সহায়তায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৪ জন। আহতদের অনেকেই ঢামেক বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মতামত দিন