রাজনীতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার কাল ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে জেলায় অবস্থান করবেন তিনি।

রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।

সফর উপলক্ষে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা নতুন করে সাজানো হয়েছে। সড়কের আইল্যান্ড, গুরুত্বপূর্ণ ভবন ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়েছে, কোথাও দেওয়া হয়েছে নতুন রঙের প্রলেপ। পাশাপাশি স্থানীয় সুধীসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।

দুই দিনের সফরের প্রথম দিনে রাষ্ট্রপতির প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে বাবা-মায়ের কবর জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া। সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে।

স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সরাসরি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর শহরের সেনুয়াপাড়ার পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি।

এরপর কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ আয়োজনে সম্পৃক্ত করার প্রস্তুতি চলছে।

রোববার রাতে নিজ বাসভবনেই থাকবেন মির্জা ফখরুল। রাতে সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সফরের শেষ দিনে সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় যাবেন রাষ্ট্রপতি। ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ কর্মসূচি শেষে আবার নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন।

পরে সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, ৬ ও ৭ সেপ্টেম্বরের কর্মসূচি সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে।

পুলিশ সুপারের ভাষ্য, ৫ সেপ্টেম্বর থেকেই পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের পথ এবং আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ সময় পুরো শহরজুড়েই বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

মতামত দিন