শেখ হাসিনা দেশে ফিরবেন বলেই মনে করেন রুমিন ফারহানা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরবেন বলেই মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মতে, বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগের ভবিষ্যতের বাস্তবতা বিবেচনায় দেশে ফিরে আসা ছাড়া শেখ হাসিনার সামনে অন্য কোনো পথ নেই।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামেও আওয়ামী লীগের ঐতিহাসিক অবদান রয়েছে। এসব বাস্তবতা ও তার রাজনৈতিক জীবনের মূল্যায়নের প্রশ্ন বিবেচনায় নিলে তিনি দেশে ফিরবেন বলেই ধারণা করা যায়।
শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির যুগে কোনো বক্তব্য পুরোপুরি আটকে রাখা সম্ভব নয়। মানুষ চাইলে বিভিন্ন মাধ্যমে সেই বক্তব্য শুনতে পারবে। তিনি স্মরণ করিয়ে দেন, শেখ হাসিনার শাসনামলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তার প্রশ্ন, সেটি যদি গণতান্ত্রিক না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতান্ত্রিক বলা হবে?
সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এমন ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নিজেদের অঙ্গসংগঠনের ওপর নিয়ন্ত্রণের ঘাটতিও প্রকাশ করে। তার মতে, এসব ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতি আবারও পুরোনো ধারায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, নিহতদের স্বজন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত দিন