পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকে দিল চট্টগ্রাম কাস্টমস।
নিজেস্ব প্রতিবেদক:
পাকিস্তান থেকে আমদানি করা ২৮ মেট্রিক টন রক সল্ট বা বিট লবণের একটি চালান এখনো খালাসের অনুমতি পায়নি। প্রয়োজনীয় অনাপত্তি সনদ (এনওসি) জমা না দেওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে আটকে রয়েছে পণ্যগুলো।
কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রামের বোয়ালখালীভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাকিস্তানের পিক মিনারেলস প্রাইভেট লিমিটেড থেকে চালানটি আমদানি করে। আমদানিকারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছে তাসমিয়া এন্টারপ্রাইজ। ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন হয়েছে এনসিসি ব্যাংকের মাধ্যমে।
গত ৪ মে ২০ ফুট কন্টেইনারে বন্দরে পৌঁছায় চালানটি। তবে আমদানি সংক্রান্ত কাগজপত্রের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের প্রাপ্যতা সনদ বা এনওসি সংযুক্ত না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ খালাস প্রক্রিয়া স্থগিত রাখে।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত এনওসি জমা দিতে পারলে চালান খালাসের অনুমতি দেওয়া হবে। অন্যথায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পণ্যগুলো নিলামে তোলার ব্যবস্থা নেওয়া হতে পারে।
জানা গেছে, চালানটিতে ১ হাজার ১২০ বস্তায় মোট ২৮ টন বিট লবণ রয়েছে। আমদানিকৃত পণ্যের ঘোষিত মূল্য ৬ হাজার ৪৪০ মার্কিন ডলার। এর বিপরীতে শুল্ক, ভ্যাট, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে মোট ৬ লাখ ৮৩ হাজার টাকার বেশি রাজস্ব নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মতামত দিন