ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতেও চালু থাকবে সীমিত আমদানি-রপ্তানি কার্যক্রম।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির মধ্যেও দেশের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ না রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি ও রপ্তানি খাতে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির সময় সাপ্তাহিক বন্ধ ছাড়া অন্য সরকারি ছুটির দিনগুলোতে দেশের কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলো সীমিত আকারে চালু রাখতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ঈদকে কেন্দ্র করে বন্দরগুলোতে পণ্যের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা তৈরি না হয় এবং কোনো ধরনের পণ্যজট না দেখা দেয়।

বিশেষ করে ব্যবসায়ী ও আমদানিকারকদের ভোগান্তি কমানো এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন