ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে নোঙর করলো নতুন অকটেন চালান, জ্বালানি মজুদে বাড়ছে স্বস্তি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে একের পর এক অকটেন আমদানি অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আনা প্রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে হংকংয়ের পতাকাবাহী ‘কুইচি’ নামের জাহাজটি বন্দরে ভিড়ে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একই দিন দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় অকটেন চালান। এর আগে মাসের শুরুতে ও মাঝামাঝি সময়ে আরও দুটি জাহাজে যথাক্রমে ২৬ হাজার ও ২৭ হাজার টন অকটেন দেশে আসে। সব মিলিয়ে এক মাসে আমদানি হওয়া প্রায় ৭৯ হাজার টন অকটেন দেশের চাহিদা মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দৈনিক প্রায় ১২০০ টন অকটেনের চাহিদা বিবেচনায় এই মজুদ দিয়ে দুই মাসের বেশি সময় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, বন্দরের বহির্নোঙরে এখনো অকটেন ও ডিজেলবাহী আরও কয়েকটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কিছু জাহাজ ইতোমধ্যে জেটিতে ভেড়ে খালাস কার্যক্রম শুরু করেছে।

তবে বন্দরের সীমিত অবকাঠামো—বিশেষ করে ডলফিন জেটির সংখ্যা কম হওয়ায় সব জাহাজ একসঙ্গে খালাস করা যাচ্ছে না। এর সঙ্গে প্রতিকূল আবহাওয়াও মাঝে মাঝে কার্যক্রমে ধীরগতি তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন