ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রুশ তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে সাময়িক স্বস্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট শর্তে দেশটি ৬০ দিনের জন্য রুশ পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমতি পেয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ১১ এপ্রিল এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই দিন থেকেই এই ছাড় কার্যকর হয়েছে এবং তা চলবে আগামী ৯ জুন পর্যন্ত।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সময়সীমার অনুমতি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে, বিশেষ করে চলমান সরবরাহ চেইন বজায় রাখতে।

এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র সীমিত সময়ের জন্য একই ধরনের একটি ছাড় দিয়েছিল। তখন ৩০ দিনের অনুমতি দেওয়া হলেও সেটি মূলত আগে থেকেই জাহাজে থাকা বা পরিবহনাধীন তেলের চালান খালাসের জন্য প্রযোজ্য ছিল।

সে ছাড়ের মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ আবারও নির্দিষ্ট সময়ের জন্য রুশ জ্বালানি আমদানির সুযোগ পেল।

মতামত দিন