জ্বালানি আমদানি ব্যয় সামলাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার।
গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে জ্বালানি আমদানি ব্যয় সামাল দিতে বড় অঙ্কের বৈদেশিক ঋণের পথে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রায় ২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চলমান কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে আরও প্রায় ৭০০ মিলিয়ন ডলার পাওয়ার আশা করা হচ্ছে।
জুন মাসের মধ্যেই এই অর্থ সংগ্রহ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, দাতা সংস্থাগুলোর সঙ্গে কম সুদের ঋণ নিয়ে আলোচনা এগোচ্ছে। বিশেষ করে এডিবির সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে রয়েছে, পাশাপাশি আইএমএফ থেকেও অর্থায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অর্থ পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা চাপমুক্ত থাকবে। একই সঙ্গে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলাও সহজ হবে।
মতামত দিন