সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওঠানামার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে গিয়ে সৌদি আরব থেকে অতিরিক্ত ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
এই আমদানির মধ্যে রয়েছে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন। সরকার সূত্র জানিয়েছে, এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। সৌদি আরবের পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকেই এই তেল কেনা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের জ্বালানি সংকট নিরসনে কূপ খননের পাশাপাশি বিদেশি উৎস থেকেও জ্বালানির অবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
চলতি মাসে জ্বালানির যোগানের জন্য ১৭টি এলসি খোলা হয়েছে, যার মধ্যে মাত্র ৪টির জ্বালানি দেশে পৌঁছেছে। ৬টি এলসির তেল এখনো অপেক্ষমাণ, আর ৭টি এলসির সরবরাহ নিশ্চিত হয়নি। এছাড়া আগামী এপ্রিলে ১৫টি জাহাজের এলসি খোলা হয়েছে। এর মধ্যে ১৩টি পার্সেলের সরবরাহের সম্মতি পাওয়া গেলেও মাত্র ৩টির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
সরকার বিদ্যমান জ্বালানি চাহিদা মেটাতে প্রতিবেশী দেশ ভারত, চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সহায়তা চেয়েছে। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে দ্রুত সরবরাহের জন্য মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য এবং ইউরোপের কয়েকটি কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সৌদি প্রিন্সের মালিকানাধীন পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল কোম্পানিকে।
মতামত দিন