ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে সাময়িকভাবে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময়ের মধ্যে সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রমও স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষে ২৮ মার্চ থেকে আবার স্বাভাবিক নিয়মে বন্দরের সব কার্যক্রম শুরু হবে। মোট ১০ দিনের এই বিরতিতে সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঈদের দিনসহ প্রতিদিনই বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।

সোনামসজিদ আমদানি–রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান।

বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমদানি–রপ্তানিকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এদিকে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির সময় বন্দরের ভেতরে কিছু সীমিত কার্যক্রম—যেমন পণ্য ওঠানামা বা অভ্যন্তরীণ পরিবহন—সীমিত আকারে চালু থাকতে পারে।

মতামত দিন