ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আরও একটি ডিজেলবাহী ট্যাংকার পৌঁছেছে, মজুতে স্বস্তির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে দেশে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার মাঝেই চট্টগ্রাম বন্দরে আরও একটি ডিজেলবাহী ট্যাংকার পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে আনা এই জাহাজে প্রায় ২৭ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ‘লিয়ান হুয়ান হু’ নামের ট্যাংকারটি মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বন্দরে নোঙর করে। জাহাজ ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিজেল খালাস কার্যক্রম শুরু করা হয়।

এর একদিন আগে ‘শিউ চি’ নামের আরেকটি ট্যাংকার প্রায় ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। স্বল্প সময়ের ব্যবধানে দুটি চালান আসায় দেশের জ্বালানি মজুত পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, এখানেই শেষ নয়—আগামী কয়েক দিনের মধ্যেই আরও তিনটি ডিজেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে ‘এসপিটি থেমিস’ নামের ট্যাংকারটি ১২ মার্চ প্রায় ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল নিয়ে আসবে।

এ ছাড়া ১৩ মার্চ ‘র‍্যাফেলস সামুরাই’ এবং ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ নামের দুটি জাহাজও বন্দরে ভেড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি জাহাজেই আনুমানিক ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল থাকবে। সব মিলিয়ে এই পাঁচটি ট্যাংকার থেকে প্রায় ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টনের বেশি পরিশোধিত ডিজেল দেশে যোগ হবে।

বিপিসির হিসাবে, স্বাভাবিক ব্যবহারের হারে এই পরিমাণ জ্বালানি প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করতে সক্ষম। তবে আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার কারণে সরকার গত রবিবার থেকে দৈনিক সরবরাহ কমিয়ে প্রায় ৯ হাজার মেট্রিক টনে নামিয়েছে।

এই সীমিত সরবরাহ নীতি চালু থাকলে নতুন আসা জ্বালানি দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। বর্তমানে যে মজুত রয়েছে তা দিয়েও আরও ১৬–১৭ দিনের প্রয়োজন পূরণ করা যাবে বলে জানানো হয়েছে। ফলে নতুন চালান যুক্ত হলে প্রায় এক মাসের জ্বালানি চাহিদা মেটানোর মতো মজুত নিশ্চিত হতে পারে।

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি জাহাজগুলো পৌঁছালে সরবরাহ পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন