চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার, নানীবাড়ির আঙিনায় দাফন সম্পন্ন।
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে আজ সোমবার (১৮ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানীর বাগানবাড়ির আঙিনায় সমাহিত করা হয়েছে। সকাল ৭টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে শেষ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে রাখা হয়। কাউকে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, এমনকি গণমাধ্যমকর্মীদেরও দূরে থাকার অনুরোধ জানানো হয়।
দাফন শেষে কারিনার ছোট ভাই সাদাত হামিদ জানান, ঢাকায় তিনটি জানাজায় গণমাধ্যম উপস্থিত ছিল, তবে দাফনের সময় পরিবার একটু আড়ালে থাকতে চেয়েছিল। তিনি সবার কাছে পরিবারের মানসিক অবস্থা বোঝার আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভুগে গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা। রোববার বিকেলে তার মরদেহ ঢাকায় আসে। ঢাকায় জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। কারিনা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির সন্তান।

মতামত দিন