বিনোদন
ছবি: সংগৃহীত

সাই পল্লবীর হিন্দি নিয়ে বিতর্ক, ‘রামায়ণ’-এ সীতা চরিত্র ঘিরে সমালোচনার ঝড়।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নীতেশ তিওয়ারির বহুল আলোচিত প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে তার নাম ঘোষণার পর থেকেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিশেষ করে তার হিন্দি বলার ধরন নিয়েই সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও ট্রোলিং।

সম্প্রতি আসন্ন ১ মে মুক্তি পেতে যাওয়া ‘এক দিন’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে অভিনেতা জুনাইদ খানের বিপরীতে কাজ করা সাই পল্লবী অংশ নেন এক সংগীত সন্ধ্যায়। সেখানে পাপারাজ্জি ও উপস্থিতদের সঙ্গে তিনি হিন্দিতে কথা বলার চেষ্টা করেন। তবে ভাষাগত সাবলীলতার ঘাটতির কারণে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় তাকে। একপর্যায়ে নিজেই হাসতে হাসতে স্বীকার করেন, তার হিন্দি খুব ভালো নয়।

এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। ভিডিওটিকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তোলেন, এমন একজন অভিনেত্রীকে কেন ‘রামায়ণ’-এর মতো বড় বাজেটের সিনেমায় সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হলো।

একজন নেটিজেন মন্তব্য করেন, তিনি সাধারণ হিন্দি শব্দও ঠিকভাবে বলতে পারছেন না, অথচ সীতা চরিত্রে অভিনয় করছেন—এটি গ্রহণযোগ্য নয়। আরেকজন কাস্টিং সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করেন।

তবে সমালোচনার পাশাপাশি সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরাও। তাদের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়। অনেক অভিনেতাই ভিন্ন ভাষায় ডায়ালগ মুখস্থ করে অভিনয় করেন, যেখানে উচ্চারণের চেয়ে পারফরম্যান্সই মুখ্য হয়ে ওঠে। কেউ কেউ উদাহরণ হিসেবে বিদেশি অভিনেতাদের বলিউডে কাজ করার বিষয়টিও তুলে ধরেছেন।

সব মিলিয়ে একটি সাধারণ প্রচারণা অনুষ্ঠানের মুহূর্ত থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন সাই পল্লবী, আর তার আসন্ন চরিত্র নিয়েও বিতর্ক আরও জোরদার হয়েছে।

মতামত দিন