বিনোদন
ছবি: সংগৃহীত

নামের মিলেই গুজব, ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানালেন রাকিব হাসান।

নিজেস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি সুস্থ আছেন।

রাত ১১টা ১৯ মিনিটে পোস্ট করা ওই ভিডিওতে রাকিব হাসান বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই উদ্বিগ্ন হয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সবার ফোন ধরা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি সম্পূর্ণ ভালো আছেন। একই সঙ্গে সবার কাছে দোয়া চান এই কনটেন্ট ক্রিয়েটর।

মূলত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব (২৫) নামে এক যুবক নিহত হওয়ার পর এই বিভ্রান্তির সৃষ্টি হয়। রোববার রাতে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের নামের সঙ্গে মিল থাকায় সামাজিক মাধ্যমে অনেকেই ভুল করে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট’-এর রাকিব হাসানকে মৃত ব্যক্তি হিসেবে ধরে নেন। এরপর ফেসবুকে একের পর এক শোকবার্তা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি স্পষ্ট করতেই ভিডিও বার্তা দিয়ে অনুসারীদের আশ্বস্ত করেন রাকিব হাসান। এদিকে শহীদ মিনার এলাকায় যুবক নিহতের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত দিন