হত্যা ও ধর্ষণ হুমকির অভিযোগে থানায় জিডি করলেন অভিনেত্রী তিথি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, কটূক্তি ও হুমকির মুখে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকেই তাকে ঘিরে অনলাইনে নানা অভিযোগ ও আক্রমণাত্মক মন্তব্য ছড়িয়ে পড়ছে।
অভিনেত্রীর অভিযোগ, সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অপপ্রচার চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার নামে ভুয়া ছবি তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদের জড়িয়ে অপমানজনক মন্তব্য ও হুমকিও দেওয়া হচ্ছে।
তিথি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফোনালাপের রেকর্ড প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর পাশাপাশি তার বাসার ঠিকানাও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার পরিবারের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রমাণও তাদের কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সাইবার হয়রানি বা মানহানির ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন এই অভিনেত্রী।
আইনের প্রতি আস্থা রেখে তিথি বলেন, যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তার বিচার আদালতেই হওয়া উচিত। সামাজিক মাধ্যমে ‘সাইবার ট্রায়াল’ বা ভিউয়ের জন্য পরিচালিত প্রচারণা তিনি মেনে নেবেন না বলেও জানান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন ইকরা। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় যে জাহের আলভী ও তিথির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই অভিযোগ ঘিরেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তারা দুজন।
মতামত দিন