অ্যাসপারগিলাসের ছড়িয়ে পড়া: বিশ্বজুড়ে ফুসফুস সংক্রমণের নতুন হুমকি।
অ্যাসপারগিলাস নামের একটি ছত্রাক ইউরোপ, এশিয়া ও আমেরিকার কিছু অংশে ছড়িয়ে পড়তে পারে, যা ক্রমবর্ধমান তাপমাত্রার প্রভাবে দুর্বল রোগপ্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষের ফুসফুসে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় জানানো হয়েছে, বিশ্ব এক বিপর্যয়ের দিকে এগোচ্ছে, যেখানে ছত্রাকজনিত রোগের বিস্তার স্বাভাবিক ঘটনা হয়ে উঠতে পারে।
গবেষকদের মতে, উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় দ্রুত ছড়ায় অ্যাসপারগিলাস ছত্রাক। জলবায়ু পরিবর্তনের ফলে এসব পরিবেশে প্রবেশ করায় লাখো মানুষের সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। গবেষক নরম্যান ভ্যান রিজন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছি, যেখানে ছত্রাকঘটিত সংক্রমণ বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।
বিশেষজ্ঞরা জানান, অ্যাসপারগিলাস ফিউমিগাটাস নামের প্রজাতিটি উচ্চ তাপমাত্রায় টিকে থাকতে সক্ষম এবং এতটাই স্থিতিস্থাপক যে চেরনোবিলের পারমাণবিক চুল্লির মধ্যেও এর অস্তিত্ব থাকতে পারে। এর স্পোর বা বীজাণু শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে ঝুঁকি বাড়ায়, বিশেষ করে হাঁপানি, সিস্টিক ফাইব্রোসিস বা দুর্বল ইমিউন সিস্টেম থাকলে।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের এমআরসি সেন্টার ফর মেডিকেল মাইকোলজির অধ্যাপক এলেন বিগনেল বলেন, প্রাকৃতিক পরিবেশে যেভাবে এই ছত্রাক টিকে থাকে, তা মানুষের ফুসফুসে বসতি স্থাপনের জন্য আদর্শ। গবেষণায় আরও বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে ২১০০ সালের মধ্যে অ্যাসপারগিলাস ফিউমিগাটাস অতিরিক্ত ৭৭ শতাংশ ভূখণ্ডজুড়ে বিস্তার ঘটাতে পারে।

মতামত দিন