বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

টাইটানিয়াম-সেলেনিয়াম প্রযুক্তিতে তৈরি হলো সবচেয়ে শক্তিশালী সৌর প্যানেল।

সৌর শক্তির দক্ষতা বাড়াতে নতুন দিগন্তের উন্মোচন করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। প্রচলিত সিলিকন-নির্ভর প্রযুক্তির বিকল্প হিসেবে তাঁরা তৈরি করেছেন টাইটানিয়াম ও সেলেনিয়ামের যৌগ দিয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল।

তাঁদের দাবি, এই নতুন প্যানেল বিদ্যুৎ উৎপাদনে প্রচলিত সৌর প্যানেলের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি কার্যকর।

সোলার এনার্জি ম্যাটেরিয়ালস অ্যান্ড সোলার সেলস নামের একটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে এই আবিষ্কারের বিস্তারিত প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে,নতুন ধরনের ফটোভোলটাইক কোষে সিলিকনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে টাইটানিয়াম অক্সাইড ও সেলেনিয়ামের স্তর।এই উপাদানদ্বয় সূর্যের আলো শোষণে বেশি দক্ষ হওয়ায় অধিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।

টাইটানিয়াম স্বাভাবিকভাবে শক্ত, টেকসই ও ক্ষয়রোধী ধাতু হিসেবে পরিচিত হলেও এর নিষ্কাশন প্রক্রিয়া ব্যয়বহুল হওয়ায় প্রযুক্তি খাতে এর ব্যবহার সীমিত ছিল। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এক বিশেষ পদ্ধতির মাধ্যমে এই সমস্যারও সমাধান দিয়েছেন।

বিজ্ঞানী তোরু এইচ ওকাবে জানান, আকরিক থেকে অক্সিজেন সরানোর প্রচলিত প্রক্রিয়ায় উৎপাদন খরচ অনেক বেশি হয়। কিন্তু তাঁর দল বিরল-পৃথিবী ধাতু ইট্রিয়ামের সাহায্যে টাইটানিয়ামকে গলিয়ে অক্সিজেনমুক্ত করার একটি নতুন কৌশল উদ্ভাবন করেছে। এই খাদ প্রস্তুতির পদ্ধতিটি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।

এই উন্নতমানের টাইটানিয়াম দিয়ে তৈরি সৌর প্যানেল ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি খাতে আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকেরা। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ও টেকসই নির্মাণ প্রযুক্তির সমন্বয়ে এই উদ্ভাবন বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতামত দিন