যুক্তরাজ্যের শিক্ষার্থী উদ্ভাবন করেছেন কিডনি রোগ শনাক্তকারী টয়লেট ট্যাবলেট।
ইউরিফাই নামের ট্যাবলেটটি ব্যবহারকারীর ফ্লাশের সঙ্গে কাজ করে। ট্যাবলেটটি প্রস্রাবের মধ্যে থাকা অ্যালবুমিন শনাক্ত করতে সক্ষম রাসায়নিক রিএজেন্ট নির্গত করে। কিডনি রোগের প্রাথমিক সংকেত হিসেবে চিকিৎসাবিজ্ঞানে অ্যালবুমিনের উপস্থিতি গুরুত্বপূর্ণ।
যদি ব্যবহারকারী ঝুঁকিতে থাকেন, ফ্লাশের পানির রঙ পরিবর্তন হয়ে নীল দিগন্তের দিকে সরে যায়, যা নির্দেশ দেয় যে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
উদ্ভাবক ইয়িদান জু জানিয়েছেন, তার বাবার দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগে থাকার অভিজ্ঞতা থেকেই এই প্রযুক্তি উদ্ভাবনের অনুপ্রেরণা পেয়েছেন। তিনি বলেন, “আমার বাবা প্রায় দশ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, কিন্তু সঠিকভাবে রোগ ধরা পড়েনি। সেই অভিজ্ঞতা আমাকে এমন প্রযুক্তি তৈরি করতে উদ্বুদ্ধ করেছে, যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে।”
ট্যাবলেটটি বাথরুমের ফ্লাশের রিমের নিচে স্থাপন করা হয়। প্রতিবার ফ্লাশ করার সময় এটি পরিষ্কারক ফোম ছাড়ে, যা বাথরুম পরিস্কার রাখার পাশাপাশি স্বাস্থ্য পর্যবেক্ষণের কাজও করে। তবে ইউরিফাই এখনও ক্লিনিকাল অনুমোদন বা নিয়ন্ত্রক যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। জু পরবর্তী পরীক্ষার পরিকল্পনা করছেন।
বিশ্লেষকরা মনে করছেন, কেবল একটি স্যানিটারি উদ্ভাবন নয়, এটি সম্ভাব্য স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা হিসেবেও গুরুত্বপূর্ণ। বিশ্বে প্রায় ১০ শতাংশ মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন এবং চিকিৎসা সুবিধা না পাওয়ায় প্রতিবছর লক্ষাধিক মানুষ মারা যাচ্ছেন।
মতামত দিন