হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলে হলে সংঘর্ষের ঘটনায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শহীদ আবরার ফাহাদ হলের শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে শহীদ নূর হোসেন হলে অতর্কিত হামলা চালায়। এ সময় নামাজঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করা হয়। সহকারী প্রক্টরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে দোষীদের শনাক্ত করে আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
মতামত দিন