জাতীয়
ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ উদ্ভাবকের বৈদ্যুতিক গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

নিজের চলাচলের সীমাবদ্ধতা কাটাতে তৈরি করেছিলেন ছোট একটি বৈদ্যুতিক যান। সেই উদ্ভাবনই এবার পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কার’ ঘুরে দেখলেন এবং তাতে চড়েও দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে ওয়াকিমুল নিজেই তার তৈরি ব্যাটারিচালিত গাড়িটি চালিয়ে প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন।

কিশোর উদ্ভাবকের এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্ভাবন তরুণদের সম্ভাবনার বড় উদাহরণ। তিনি আরও আধুনিক ও কম খরচে ব্যবহারযোগ্য সংস্করণ তৈরির পরামর্শ দেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন।

আলাপকালে ওয়াকিমুল জানান, একসময় চলাফেরায় নানা সমস্যার কারণে দীর্ঘ সময় ঘরে থাকতে হতো তাকে। নিজের প্রয়োজন থেকেই তিনি এমন একটি যান তৈরির চিন্তা শুরু করেন, যা তাকে স্বাধীনভাবে চলতে সহায়তা করবে।

যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী বলেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে আরও উন্নত প্রযুক্তির স্মার্ট যান তৈরি করা সম্ভব, যা শুধু বিশেষ চাহিদাসম্পন্ন নয়, বয়স্ক মানুষের জন্যও কার্যকর হতে পারে।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রয়েছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতামত দিন