স্বাস্থ্যখাতে বাড়তি বরাদ্দ ও ১ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা।
দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ব্যাপক জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার জানান, নতুন বাজেটে স্বাস্থ্যখাতে কমপক্ষে ১ শতাংশ অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। একইসঙ্গে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে ধাপে ধাপে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, শুধু চিকিৎসা নয়—রোগ প্রতিরোধকেই গুরুত্ব দিয়ে স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর বাড়ানো হবে।
স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, খাতটির উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান টিকাদান কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে।
উল্লেখ্য, দিনটির শুরুতে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন।

মতামত দিন