ডেমরার আমুলিয়ায় কালি কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট।
রাজধানীর ডেমরা এলাকায় একটি টিনশেড কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার কিছু পর আমুলিয়া মডেল টাউনের একটি কালি উৎপাদন কারখানায় আগুনের সূত্রপাত হয়।
প্রথমে ডেমরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পৌঁছে প্রায় ১১টা ৫৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিদ্দিক বাজার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তবে সর্বশেষ দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

মতামত দিন