এসএসসি পরীক্ষার ওএমআর ও উত্তরপত্র পাঠাতে নতুন কড়াকড়ি।
এসএসসি পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়ায় শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত নিয়ম না মানার অভিযোগ পাওয়ায় এবার প্যাকেটের রঙ নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের জানানো হয়, ভবিষ্যতে সব উত্তরপত্র ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট ‘কমলা’ রঙের কাপড় ব্যবহার করতে হবে। এ নির্দেশনা অমান্য করা হলে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
বোর্ডের তথ্য অনুযায়ী, কিছু পরীক্ষাকেন্দ্র নির্ধারিত নিয়ম উপেক্ষা করে সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে উত্তরপত্র পাঠাচ্ছে। এতে উত্তরপত্র গ্রহণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হচ্ছে। এই অনিয়ম ঠেকাতে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। ইতোমধ্যে কয়েকটি বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন