ইংলিশ মিডিয়াম ও কোচিং সেন্টার সরকারি নিয়ন্ত্রণে আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর।
দেশের কোচিং সেন্টারগুলোকে আইনগত কাঠামোর মধ্যে আনা হবে এবং একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ২০২৬ সালের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রের বিদ্যমান সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সোলার এনার্জি ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি কোচিং সেন্টারগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ওপর সরকারের তদারকি বাড়ানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কারণে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি সমাধান খোঁজার কথাও জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী। সভায় আসন্ন পরীক্ষার কেন্দ্র সচিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও বক্তব্য রাখেন।
মতামত দিন