৬ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা, তাপমাত্রাও বাড়তে পারে: আবহাওয়া আবহাওয়া।
রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টার তথ্যে জানা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে একই জেলায়, ২১ মিলিমিটার।
মতামত দিন