জাতীয়
ছবি: সংগৃহীত

করদাতাদের জন্য সতর্কতা, রিটার্ন জমার শেষ তারিখ ৩১ মার্চ।

নিজেস্ব প্রতিবেদক:

আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ব্যক্তিগত করদাতাদের ২০২৫-২৬ অর্থবছরের রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড সময় বাড়ালেও এবার আর নতুন করে সময় বৃদ্ধির সম্ভাবনা নেই বলে ইঙ্গিত মিলেছে। ফলে এখন শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত করদাতারা।

এবার রিটার্ন দাখিল পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে লগইন করার মাধ্যমে ঘরে বসেই ই-রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। ছুটির দিনেও এই সেবা সচল থাকায় করদাতারা সুবিধা পাচ্ছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখের কাছাকাছি। করযোগ্য আয় থাকলে সবার জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এখন পর্যন্ত কয়েক লাখ করদাতা রিটার্ন জমা দিলেও অনেকেই এখনো প্রক্রিয়ার বাইরে রয়েছেন।

অনলাইন পদ্ধতিতে রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন হয় না। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করলেই কাজ সম্পন্ন করা যায়। পাশাপাশি ব্যাংক, কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধও করা যাচ্ছে।

কর বিশেষজ্ঞরা বলছেন, শেষ সময়ে রিটার্ন জমা দিতে গিয়ে অনেকেই তাড়াহুড়া করেন, এতে ভুল হওয়ার ঝুঁকি থাকে। তাই আগেভাগেই তথ্য প্রস্তুত করে যাচাই-বাছাই শেষে রিটার্ন দাখিল করা উচিত।

তাদের পরামর্শ, আয়-ব্যয়ের হিসাব গুছিয়ে রাখা, তথ্য ঠিকভাবে মিলিয়ে নেওয়া এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়ার মাধ্যমে ঝামেলা এড়ানো সম্ভব।

মতামত দিন