দুর্ঘটনায় খাদে বাস, বান্দরবানে আহত ৫ জন আইসিইউতে।
ঢাকা থেকে বান্দরবানগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি পর্যটকবাহী বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই পর্যটক।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে বাঁক নিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এরপর মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে নিচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক ব্যবহার করে উদ্ধার সহায়তার আহ্বান জানানো হয়। এতে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেয়।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের বাস থেকে বের করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে সুপারভাইজারসহ অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু সড়কে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন